ফাইনালে ব্যথা ছিল না বলে খুশি মেসি
অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে না পারলেও ফাইনালে স্বস্তির সঙ্গে খেলেছেন বলে জানিয়েছেন লিওনেল মেসি। রিভার প্লেটকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জয়ের পর তারকা ফরোয়ার্ড বলেছেন, শিরোপা নির্ধারণী ম্যাচের সময় কোনো ব্যথা ছিল না তার।
তলপেটের ব্যথার কারণে বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলতে পারেননি মেসি। পরে তার কিডনি থেকে একটি পাথর বের হয় বলে স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছিল।
চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে গত বৃহস্পতিবার সেই ম্যাচে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানের জয় এনে দেন লুইস সুয়ারেস।
জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে গত রোববার ফাইনালে বার্সেলোনাকে এগিয়ে দেওয়া গোলটি করেন মেসি। পরে সুয়ারেসের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জেতে লুইস এনরিকের দল।
অসুস্থতা কাটিয়ে ফাইনালে শুরুর একাদশে খেলা মেসি বলেন, “আর ব্যথা ছিল না এবং এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।”
আগের ব্যাথা নিয়ে মেসি বলেন, “সত্যি ভয়ঙ্কর ব্যথা ছিল। আক্ষরিক অর্থেই আমি পুরো দিন বিছানায় ছিলাম। কোনো নড়াচড়াও করতে পারিনি।”
ফাইনাল খেলার সময় নিজের অবস্থার কথা জানাতে গিয়ে মেসি বলেন, “দ্বিতীয়ার্ধে আমি পায়ে কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কোনো ব্যথা ছিল না।”
