২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের জয়রথ ছুটছেই

সেরি আতে ইউভেন্তুসের জয়রথ ছুটছেই। কার্পিকে হারিয়ে টানা সপ্তম জয় তুলে নিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 09:42 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

এবারই প্রথম সেরি আতে খেলতে আসা কার্পিকে রোববার ৩-২ গোলে হারায় ইউভেন্তুস। দলকে জেতাতে জোড়া গোল করেন মারিও মানজুকিচ। গত মৌসুমের চ্যাম্পিয়নদের পক্ষে অন্য গোলটি করেন পল পোগবা। 
 
নিজেদের মাঠে ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় কার্পি। দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন এসি মিলান ও এএস রোমার সাবেক ফরোয়ার্ড মার্কো বররিয়েল্লো। 
 
অসাধারণ এক ভলি থেকে তিন মিনিট পরই ইউভেন্তুসকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মানজুকিচ। পাট্রিস এভরার পাস থেকে ৪১তম মিনিটে হেডে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
 
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান ৩-১ করেন ফ্রান্সের মিডফিল্ডার পোগবা। 
 
ম্যাচের শেষ মুহূর্তে লিওনার্দো বোনুচ্চির আত্মঘাতী গোলে হারের ব্যবধান কমে কার্পির। 
 
এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট হলো ইউভেন্তুসের।