২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ার পথে বার্সার বাধা দৃঢ়প্রতিজ্ঞ রিভার প্লেট

প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য অর্জনের পথে বার্সেলোনার শেষ বাধা রিভার প্লেট। অন্যদিকে, ইউরোপ-সেরা ক্লাবটিকে পেছনে ফেলে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিততে দৃঢ়প্রতিজ্ঞ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 08:53 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

জাপানের ইয়োকোহামায় আগামী রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস ও ব্রাজিল অধিনায়ক নেইমার; ‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার এই আক্রমণত্রয়ীকে বর্তমানে ক্লাব ফুটবলের সেরা আক্রমণভাগ বলছেন অনেকেই।

এর বিপরীতে রিভার প্লেটের ফরোয়ার্ড লাইনে প্রায় বিস্মৃতিতে চলে যাওয়া বার্সেলোনার সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড হাভিয়ের সাভিওলার সঙ্গে আছেন উরুগুয়ের রদ্রিগো মোরা ও আর্জেন্টিনার লুকাস আলারিও।

বার্সেলোনার সঙ্গে শক্তির পার্থক্য যতই থাকুক, শিরোপা জয়ের সংকল্পে একটুও কমতি নেই রিভার প্লেট দলে। সেমি-ফাইনালে সানফ্রেসে হিরোশিমার বিপক্ষে দলকে ১-০ ব্যবধানে জেতাতে গোল করা আলারিও তো বার্সেলোনাকে হুমকিই দিয়ে রেখেছেন।

“আমরা আরও কিছু পাওয়ার জন্য খেলব। এটা সেই শিরোপা, যেটা জয়ের স্বপ্ন দেখে আসছি আমরা।”

আলারিওদের স্বপ্ন পূরণের কাজটা যে মোটেই সহজ হবে না, এটাও তারা জানেন। এই কারণেই বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগের দিন আলারিও সতীর্থদের চাপে নুয়ে না পড়ে ম্যাচটি উপভোগ করার পরামর্শ দেন।

চীনের দল গুয়াংজো এভারগ্রান্দেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। তলপেটের ব্যথার কারণে মেসি আর কুঁচকির চোটের জন্য নেইমার এই ম্যাচে খেলতে পারেননি। অসাধারণ এক হ্যাটট্রিক করে দলকে ফাইনালে তোলেন সুয়ারেস।

রিভার প্লেট ম্যাচে মেসি-নেইমারের খেলা নিয়ে আশাবাদী বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা আর কোচ লুইস এনরিকে। দুই বড় তারকাকে ফিরে পাওয়ার আশায় উজ্জীবিত দলটিতে ২০০৯ ও ২০১১ সালের পর আবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের প্রত্যয়।

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসী সুর।

“দল ভালো অবস্থায় আছে। আমরা বার্সেলোনায় ভালো অবস্থায় ছিলাম এবং বৃহস্পতিবার সেমি-ফাইনালে ভালো খেলেছি। রোববার ফাইনালেও ভালো অবস্থায় থাকব আমরা।”