ভায়েকানোর বিপক্ষে রিয়ালের ফের ছন্দে ফেরার লড়াই
চলতি মৌসুমে বারবার নিজেদের হারিয়ে খোঁজা রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন করে আবার জেগেছে জয়ে ফেরার লক্ষ্য। আর সেই পথে ঘুরে-ফিরে আসছে পুরনো দুঃশ্চিন্তা; পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। এবারের প্রতিপক্ষ লিগের পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা রায়ো ভায়েকানো বলেই সান্তিয়াগো বের্নাবেউ জুড়ে ছন্দে ফেরার আশা।
লা লিগার ম্যাচটি শুরু হবে আগামী রোববার রাতে নয়টায়।
তারকায় ঠাসা দল নিয়েও বারবার পথ হারানোর পেছনে অনেকেই ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের খুনে মনোভাবের ঘাটতি দেখছেন। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস তাই সবার আগে দলে ‘একাগ্রতা’ ফেরানোর কথা বললেন।
মৌসুমের শুরুতে কিন্তু রিয়ালের পারফরম্যান্স ছিল অসাধারণ, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত ছিল স্পেনের সফলতম ক্লাবটি। এর পর লিগে টানা দুই হারে শীর্ষস্থান হারিয়ে তিন নম্বরে নেমে যাওয়ার হতাশা ঘিরে ধরে দলটিকে। এর মধ্যে ছিল ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের বড় ধাক্কাও।
সে ধাক্কা কাটিয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা চার ম্যাচ জিতে কক্ষপথে ফেরে রাফায়েল বেনিতেসের দল। কিন্তু গত সপ্তাহে আবারও ছন্দপতন; ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলে হেরে যায় তারা। তিন পয়েন্ট হারানোর পাশাপাশি বড় দুঃশ্চিন্তা হয়ে আসে দলের বাজে পারফরম্যান্স; সেদিন পুরো ম্যাচে তারা গোলের চেষ্টায় ১৯টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি।
ভায়েকানোর বিপক্ষে সবার আগে তাই নিজেদের ফিরে পেতে হবে রোনালদো-বেনজেমাদের। না হলে ফের কোনো অঘটনের শঙ্কা থেকেই যায়।
আর তা হলে শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে যাবে স্পেনের সফলতম দলটি; ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সেলোনা।
পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে থাকা ভায়েকানো বড় কোনো হুমকি নয়। তবে রোনালদো, বেনজেমা, বেলরা ভুল করলে লিগে গত চার ম্যাচে জয়শূন্য দলটিই ঘটাতে পারে বড় কোনো অঘটন।
ভায়েকানোর স্প্যানিশ কোচ পাসো হেমেসও খারাপ সময় পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। গত দুই ম্যাচে দলের খারাপ পারফরম্যান্স ভুলে লড়াইয়ের প্রত্যশার করছেন তিনি।
