২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসরটা ‘স্মরণীয়’ করে রাখতে চান মামুনুল

দেশের মাঠে পেশাদার লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ; বিদেশের মাঠে কিংস কাপ-এমন অনেক শিরোপার স্বাদ পাওয়া হয়েছে মামুনুল ইসলামের। ২০১০ সালের এসএ গেমসের ফুটবলের সোনাও জিতেছেন এই মিডফিল্ডার। কিন্তু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপার নাগাল এখনও পাননি; এবার সে খরা ঘোচাতে দারুণ প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আগামী রোববার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। আগের দিনের সংবাদ সম্মেলনে এবারের আসর ‘স্মরণীয়’ করে রাখাতে চাওয়ার কথা জানান মামুনুল।

“চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাই আমাদের লক্ষ্য। দলকে আমরা এমন একটা জায়গায় তুলতে চাই যেন আগামী প্রজন্ম বলতে পারে-দলকে তারা এখানে রেখে গেছে। সাফের এবারের আসরটাকে স্মরণীয় করে রাখতে চাই; আমার মধ্যে এই অনুভূতিটা আছে এবং দলের বাকিদের মধ্যেও আছে।”

সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে যাওয়া দল থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। কেষ্ট কুমার বোস, আবুল বাতেন মজুমদার কমলও নেই। তবে দলে যারা আছে, তাদের নিয়েই আশাবাদী অধিনায়ক।

“সেরাটা দেওয়ার জন্য বর্তমান দলে যারা আছে, তারা সবাই ফিট। শারীরিকভাবে সবাই ভালো আছে। প্রস্তুতি ক্যাম্প ‍শুরুর সময়ই আমরা কোচকে সাফে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমাদের একটাই লক্ষ্য-চ্যাম্পিয়নশিপ জয়।”

গত আসরে শেষ মুহূর্তের গোলে আর চোটের কারণে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। অতীত থেকে শিক্ষা নেওয়ার কথাও জানান মামুনুল। তবে ২০০৩ সালের সাফল্যের পুনরাবৃত্তির প্রশ্নে কোচ মারুফুল হকের মতো অধিনায়কও মানসিকতায় পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখছেন।

“মানসিকতায় পরিবর্তন আনতে পারলে আমরা এগিয়ে যেতে পারব। এক গোল দেওয়ার পর যেন আমরা ডিফেন্সিভ না খেলে অ্যাটাকিং খেলি। কিংবা পরিস্থিতি যদি এমন হয় যে, আমরা এক গোল খেয়েছি, তখনও যেন আমরা মনে করি, ২-১ গোলে জিতব আমরা।”

আগামী ২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের একাদশ আসর। বাংলাদেশের গ্রুপে আছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান।

২৪ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে মামুনুলদের পরের দুই ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ ডিসেম্বরে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে।