২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের শিরোপাই লক্ষ্য মারুফুলের

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম টুর্নামেন্ট সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ কোচ মারুফুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 06:27 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আগামী রোববার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আগের দিনের সংবাদ সম্মেলনে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যটা আবারও জানান মারুফুল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নেওয়া ১৮ দিনের প্রস্তুতির পর লক্ষ্য পূরণে আশাবাদী হয়ে উঠেছেন তিনি।

“২০ দিন আগে দায়িত্ব নিয়ে যে লক্ষ্য ঠিক করেছিলাম, সেই লক্ষ্য এখনও আছে-সাফের শিরোপা জিতব। গত ১৮ দিন ছেলেরা ৩৮টি সেশনে অনুশীলন করেছে। তারা কঠোর পরিশ্রম করেছে। সাফে ভালো করার জন্য প্রয়োজনীয় সবকিছুই করেছে তারা। আমার বিশ্বাস, সাফের লক্ষ্য পূরণ করা সম্ভব।”

আগামী ২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের একাদশ আসর। বাংলাদেশের গ্রুপে আছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান।

২৪ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে মামুনুলদের পরের দুই ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ ডিসেম্বরে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। গ্রুপের সব প্রতিপক্ষকেই সমীহ করার কথা জানান মারুফুল।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান সম্পর্কে কোচ বলেন, “তারা নিঃসন্দেহে ভালো দল। তারা সাফের চ্যাম্পিয়ন। আমরা তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করেছি। প্রথম ম্যাচে আমরা জিততে চাই। আমার বিশ্বাস আফগানিস্তানকে হারানো সম্ভব।”

গ্রুপ পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের প্রতিপক্ষকেও হালকাভাবে নিচ্ছেন না ঘরোয়া ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ হিসেবে ট্রেবল জেতা মারুফুল।

“মালদ্বীপের খেলাও দেখেছি। তাদের বর্তমান দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তবে আমরা নিজেদের সেরাটা দিতে পারলে তাদেরকেও হারানো সম্ভব। ভুটানকেও আমি খাট করছি না। তাদের মানসম্পন্ন কোচ আছেন।”

চোটের কারণে শেষ মুহূর্তে জাহিদ হাসান এমিলিকে পাচ্ছে না বাংলাদেশ। কোচ তাই শাখাওয়াত হোসেন রনি ও নাবীব নেওয়াজ জীবন-এই দুই স্ট্রাইকার নিয়ে যাচ্ছেন সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে। মাত্র দুই স্ট্রাইকার নেওয়াটা ঝুঁকি মনে হচ্ছে না মারুফুলের।

“এ দুজন এর আগেও তাদের ক্লাবের ম্যাচে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছে।”

২০০৩ সালে প্রথম ও সর্বশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এক যুগ আগের স্মৃতি ফিরে পাওয়াটা মামুনুল-জুয়েলদের মানসিকতার ওপরও অনেকটা নির্ভর করছে বলে জানান কোচ।

কদিন আগের প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর মামুনুলদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মারুফুল। শনিবারের সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও একবার মানসিকতা পরিবর্তন করার কথা মনে করিয়ে দেন তিনি।

“কিছু পেতে হলে যে আত্মত্যাগ দরকার, সেটা এই দলটার মধ্যে আছে। কিন্তু আমাদের মানসিকতায় আরও পরিবর্তন আনতে হবে। একটা গোল দিলে যেন আমরা বিশ্বাস করি, আরও গোল দেওয়ার সামর্থ্য আমাদের আছে।”