এভারগ্রান্দের বিপক্ষে বার্সার জয় দলীয় প্রচেষ্টার ফল
দারুণ হ্যাটট্রিকে বার্সেলোনাকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তোলা লুইস সুয়ারেস জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকেই।
সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার না খেললেও সেমি-ফাইনালে সুয়ারেসের হ্যাটট্রিকে গুয়াংজো এভারগ্রান্দেকে ৩-০ গোলে সহজেই হারায় বার্সেলোনা।
কুঁচকির চোটের কারণে আগে থেকেই ছিলেন না নেইমার। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে তলপেটের ব্যথায় ছিটকে পড়েন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও।
সব মিলিয়ে বৃহস্পতিবারের ম্যাচের আগে বেশ বড় একটা ধাক্কাই খায় বার্সেলোনা। তবে ছন্দে থাকা সুয়ারেসের দাপুটে পারফরম্যান্সে কোনো দুর্ভাবনাতেই পড়তে হয়নি তাদের।
জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করেন সুয়ারেস। তবে কৃতিত্বটা সবার বলে জানান তিনি।
“এটা পুরো দলের এবং পুরো ক্লাবের।”
ম্যাচ শেষে ২৮ বছর বয়সী সুয়ারেস বলেন, “আমাদের গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় বাইরে ছিল। সেক্ষেত্রে আমাদের শুধু একটা জিনিসই করার ছিল, আর সেটা হলো লক্ষ্য স্থির করা।”
আগামী রোববার ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা।
