রনির গোলে নেপালকে হারাল বাংলাদেশ
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি পরখ করে নেওয়ার ম্যাচে জিতেছে বাংলাদেশ। নেপালকে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।
নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের অষ্টাদশ মিনিটে শাখাওয়াত হোসেন রনির করা গোলটিই বাংলাদেশের জয় নিশ্চিত করে।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের প্রস্তুতি ম্যাচ বলে শিষ্যদের পরখ করে নেওয়াটা কোচের কাছে ছিল মুখ্য। জুয়েল রানার জায়গায় উইংয়ে শুরু থেকে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে খেলান তিনি। বাংলাদেশের শুরুটা ছিল কিছুটা ধীরলয়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে থাকে মামুনুলরা।
অষ্টাদশ মিনিটে রনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক দিয়ে আক্রমণে যাওয়া ইয়ামিন মুন্নার ক্রসে এই ফরোয়ার্ডের নেওয়া হেড প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে।
সমতায় ফিরতে মরিয়া নেপাল গতি দিয়ে বাংলাদেশের রক্ষণভাগে চাপ তৈরি করে। কিন্তু স্বাগতিক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার গ্লাভসকে ফাঁকি দিতে পারেনি অতিথি দলটি।
