রিভার প্লেটে খেলতে পারতেন মেসি
বার্সেলোনার জার্সিতে বিশ্বসেরা হয়ে ওঠা লিওনেল মেসি জানিয়েছেন, উঠতি বয়সে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল তার।
কোনো অঘটন না ঘটলে এবারের ক্লাব বিশ্বকাপের ফাইনালে দেখা যেতে পারে বার্সেলোনা ও রিভার প্লেটের। বছর শেষের এ প্রতিযোগিতার লড়াইয়ে নামার আগে সোমবার ফিফা ডটকমকে মেসি জানান, ২০০০ সালে ১৩ বছর বয়সে রিভার প্লেটের ট্রায়ালেও অংশ নিয়েছিলেন তিনি।
“হ্যা, কিন্তু এখন থেকে সেটা অনেক দিন আগের কথা। শেষ পর্যন্ত সেটা ঘটেনি। কিন্তু এটা সত্যি যে, যখন ছোট ছিলাম তখন সম্ভাবনা জেগেছিল।”
স্পেনের সফল ক্লাব বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একবারই স্বদেশের কোনো দলের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা আছে মেসির; ২০০৯ সালে এস্তুদিয়ান্তেসকে ২-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা জেতে বার্সেলোনা। ওই ফাইনালে জয়সূচক গোলটিও আসে আর্জেন্টিনার এই তারকার পা থেকে।
আর্জেন্টিনার কোনো দলের বিপক্ষে লড়াইয়ে নামাটা ‘অদ্ভূত এক অভিজ্ঞতা’ বলে জানান মেসি।
এবারের আসরে বুধবার জাপানের ক্লাব সানফ্রেসে হিরোশিমার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে রিভার প্লেট। আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে খেলবে ইউরোপের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ফেভারিট দুটি দলই প্রত্যাশিত জয় পেলে আগামী রোববারের শিরোপা নির্ধারণী লড়াইয়ে দেখা যাবে তাদের।
