প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার আসছে নেপাল
কোচ, ফুটবলারদের চাওয়াই পূরণ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে মামুনুলদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নেপাল ফুটবল দল।
বাফুফে সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে নেপাল দলের প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা জানায়।
আগামী মঙ্গলবার রাত আটটা ৪০ মিনিটে নেপাল দলের ঢাকায় পা রাখার কথা। পরের দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নেপাল।
আগামী ২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু হতে যাওয়া সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন জাতীয় দলের কোচ মারুফুল হক ও অধিনায়ক মামুনুল ইসলাম।
কোচ, অধিনায়কের চাওয়া পূরণ করতেই নেপালের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ডাকে সাড়া দিয়ে দল পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে নেপাল।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “কোচ আমাদের কাছে সাফের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন। সে অনুযায়ী আমরা নেপালের সঙ্গে ম্যাচের ব্যবস্থা করেছি। নেপাল আমাদের ডাকে সাড়া দিয়ে আগামীকাল আসছে।”
২০০৩ সালের সর্বশেষ শিরোপা জেতা বাংলাদেশ এবারের আসরে মুকুট পুনরুদ্ধারের মিশনে নামবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান।
