২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো-বেনজেমাদের মনোভাবে অসন্তুষ্ট রিয়াল কোচ

মৌসুমে দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন, সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং আবারও খেই হারানো- লা লিগার এ মৌসুমে রিয়াল মাদ্রিদের গল্পটা ঠিক এমনই। সবশেষ ভিয়ারিয়ালের কাছে হারের পর আর নিজের অসন্তুষ্টি চেপে রাখলেন না রাফায়েল বেনিতেস। শিরোপার জিততে যে আকাঙ্ক্ষা থাকা উচিত, ছেলেদের মানসিকতায় সেটারই অভাব দেখছেন এই স্প্যানিশ কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 05:43 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

ভিয়ারিয়ালকে হারিয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়ালের। কিন্তু প্রতিপক্ষের মাঠে হেরে যাওয়ায় সে লক্ষ্য আর পূরণ হয়নি।
 
রোববার রাতে ১-০ গোলে হারের পর প্রথমার্ধে নিজেদের ‘বাজে’ খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেনিতেস।
 
“প্রথমার্ধ বর্ণনা করাটা কঠিন। আমি দ্বিতীয়ার্ধে খেলা দলটিকে দেখতে চেয়েছিলাম, কিন্তু (প্রথমার্ধে) আমরা ঠিক ছিলাম না।”
 
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া রিয়ালকে এ দিন ভিয়ারিয়ালের মাঠে চেনাই যায়নি। পুরো ম্যাচে তারা গোলমুখে ১৯টি শট নিয়েছে, তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ১টি।
 

প্রথমার্ধের অধিকাংশ সময়ের খেলা স্বাগতিকদের নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয়ার্ধে রিয়াল কিছুটা ঘুরে দাঁড়ালেও ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমা-গ্যারেথ বেলদের চেনা রূপে দেখা যায়নি। শিরোপা জিততে তাই সবার আগে শিষ্যদের মনোভাবে সেই দৃঢ় ভাবটা ফুটিয়ে তুলতে বলেন বেনিতেস। “শিরোপার জন্য লড়াই করতে হলে আপনাকে অনেক ম্যাচ জিততে হবে। এই অবস্থায় আপনাকে দেখাতে হবে যে, আপনি শিরোপার জন্য লড়ছেন।” পঞ্চদশ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৩৫। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সেলোনা।