২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বার্সার

স্পেনের লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচের হতাশা ভুলে ফিফা ক্লাব বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় বার্সেলোনা। ছন্দে ফিরতে আত্মবিশ্বাসী দলটির কোচ লুইস এনরিকে ও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 05:10 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

নিজেদের মাঠ কাম্প নউতে শনিবার দুই গোলে এগিয়ে যাওয়ার পরও দেপোর্তিভো লা করুনার সঙ্গে ২-২ ড্র করে বার্সেলোনা। ম্যাচ শেষে এনরিকে ও ইনিয়েস্তার কণ্ঠে পয়েন্ট হারানোর হতাশা প্রকাশ পেলেও একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা বলেন তারা।
 
২০০৯ ও ২০১১ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল বার্সেলোনা। অতীত ফেরানোর লক্ষ্য থাকলেও বার্সেলোনার বর্তমান কোচ এনরিকে কিছুটা হলেও সাবধানী।
 
“আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাকে ফাইনাল নিয়ে জিজ্ঞেস করবেন না; কেননা, অবশ্যই আমাদেরকে আগে সেমি-ফাইনালে জিততে হবে।”
 
জাপানে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের এবারের আসরে আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনাল খেলবে বার্সেলোনা।
 
দেপোর্তিভোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ায় জন্য নিজেদের সমালোচনা করে ক্লাব বিশ্বকাপে লক্ষ্যটা জানান ইনিয়েস্তা। গত বছরের পরিশ্রমের ফলটা এ বছর তুলতে চান তিনিও।
 
“আমাদের পুনরায় দৃষ্টি ফেরাতে হবে; জাপানে আমাদের একটা শিরোপা লড়াই আছে।”
 
“ক্লাব বিশ্বকাপ আসলেই গুরুত্বপূর্ণ। কেননা, গত বছর আমরা যে দারুণ কাজটা করেছিলাম, এটা তারই অংশ”, যোগ করেন বার্সেলোনার অধিনায়ক।