২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারবিহীন বার্সাকে মানিয়ে নিতে বললেন এনরিকে 

চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়া নেইমারকে ছাড়াই এগিয়ে যাওয়ার প্রত্যয় বার্সেলোনা দলে। ব্রাজিলের এই 'জাদুকরী' ফরোয়ার্ডের অভাব পূরণে বাকি শিষ্যদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন কাতালুনিয়ার ক্লাবটির কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 11:29 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বায়ার লেভারকুজেনের বিপক্ষে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগের দিন অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান নেইমার। লেভারকুজেনের সঙ্গে বার্সেলোনার ১-১ গোলে ড্র করা ম্যাচে খেলতে পারেননি বাজিল অধিনায়ক। 
 
স্পেনের লা লিগায় নিজেদের মাঠ কাম্প নউতে আগামী শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও খেলা হচ্ছে না নেইমারের। স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাব বিশ্বকাপে তার খেলা নিয়েও শঙ্কা আছে।
 
চোটের কারণে লিওনেল মেসি প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার সময় বার্সেলোনার অদম্য গতিতে এগিয়ে চলায় বড় ভূমিকা রাখেন নেইমার। 
 
দলে তারকা এই ফরোয়ার্ডের গুরুত্ব নিয়ে এনরিকে বলেন, "সে (বার্সেলোনায়) তার দ্বিতীয় মৌসুমে দারুণ কিছু পরিসংখ্যান তৈরি করেছে। সে অনেক অবদান রেখে চলেছে। এই দলের প্রয়োজনের সঙ্গে খুব ভালো মানিয়ে নিচ্ছে। সে একজন জাদুকরী খেলোয়াড়, যে ফুটবল ইতিহাসে জায়গা করে নেবে।"
 
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১৬ গোল করা নেইমারের অভাব অপূরণীয় বলে মনে করেন এনরিকে। 
 
“ব্যক্তিগতভাবে নেইমারের মতো খেলোয়াড়ের তুলনা অন্যদের সঙ্গে করা কঠিন। কিন্তু আমাদের অন্য সমাধান খুঁজে বের করতে হবে। তার অনুপস্থিতি যত কম সম্ভব টের পাওয়াতে হবে।”
 
ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামায় মেক্সিকোর দল ক্লাব আমেরিকা বা চীনের গোয়াংজো এভারগ্রান্দের মুখোমুখি হবে বার্সেলোনা। আর টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২০ ডিসেম্বর।