নিষেধাজ্ঞা বহাল প্লাতিনির
৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির আপিলে লাভ হয়নি। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএসএ) করা আপিল শুক্রবার প্রত্যাখ্যাত হওয়ায় নিষেধাজ্ঞা বহাল থাকছে।
এর ফলে ফ্রান্সের প্যারিসে আগামী শনিবার ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠানে যেতে পারবেন না প্লাতিনি।
গত ৮ অক্টোবরে ফিফা সভাপতি জেপ ব্লাটার ও প্লাতিনিকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এথিক্স কমিটি।
এর আগে নিষেধাজ্ঞা তোলার আর্জি নিয়ে ফিফার আপিল কমিটিতে গিয়েছিলেন ব্লাটার ও প্লাতিনি। নিষেধাজ্ঞা বহাল রেখে আপিল কমিটি জানিয়েছিল, নিষেধাজ্ঞা চলার সময় ফুটবল সংক্রান্ত কোনো কাজের সঙ্গে জড়িত হতে পারবেন না তারা।
আপিল কমিটির এই সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে ক্রীড়ার সর্বোচ্চ আদালতে যান ফ্রান্সের কিংবদন্তি এই ফুটবলার।
গত ২৯ মে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার কদিন পরেই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ৭৯ বছর বয়সী ব্লাটার।
গত অক্টোবরের শুরুতে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন প্লাতিনি। তার কদিন পরেই ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি। এই কমিটি দুজনকে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে।
ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ, নয় বছর আগে ব্লাটার ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দিয়েছিলেন। দুজনই অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।
আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে শুনানির জন্য ফিফার এথিক্স কমিটিতে যেতে হবে ব্লাটার ও প্লাতিনিকে।
আগামী ২১ ডিসেম্বর এ নিয়ে রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
