৩ ম্যাচ নিষিদ্ধ শোয়াইনস্টাইগার
ম্যাচ চলার সময় সহিংস আচরণের দায়ে বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ)।
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার এফএ-এর আনা অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন।
গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের মধ্যে গোলশূন্য ড্র ম্যাচের ৪০তম মিনিটে একটি ফ্রি-কিকের আগে সেন্টার ব্যাক উইনস্টন রিডের সঙ্গে ধাক্কাধাক্কি হয় শোয়াইনস্টাইগারের। এক পর্যায়ে শোয়াইনস্টাইগার তার বাঁ হাত দিয়ে রিডের মুখ চেপে ধরেন।
ঘটনাটি রেফারির চোখ এড়িয়ে যায়। তাই ম্যাচ শেষের প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করেননি তিনি। তবে ভিডিওতে ঘটনাটি ধরা পড়ায় এফএ শোয়াইনস্টাইগারের বিরুদ্ধে অভিযোগ আনে।
এই নিষেধাজ্ঞার ফলে ৩১ বছর বয়সী শোয়াইনস্টাইগার বোর্নমাউথ, নরউইচ সিটি ও স্টোক সিটির বিপক্ষে খেলতে পারবেন না।
