২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের উপরই মাঠে ফেরা ছেড়ে দিয়েছেন এনরিকে

পুরো কাম্প নউ এখন নেইমারের চোট থেকে সেরে ওঠার অপেক্ষায় আছে। বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেছেন, ব্রাজিলের এই ফরোয়ার্ড কত দিন মাঠের বাইরে থাকবেন সেটা তার উপরই নির্ভর করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 05:00 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বায়ার লেভারকুজেনের মাঠে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। গত মঙ্গলবার অনুশীলনের সময় পাওয়া কুঁচকির চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি নেইমার।

স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লা লিগায় আগামী শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে এবং ক্লাব বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা আছে। 

এনরিকে অবশ্য এ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করা নেইমারকে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চান না।

“এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে সে কিভাবে সাড়া দেয়, বার্সেলোনায় চিকিৎসকরা কী বলে।”

“এর পর আমরা অন্য সব চোট পাওয়া খেলোয়াড়ের সঙ্গে তাকে ফিরে আসতে দেখার অপেক্ষায় থাকব। যখনই হোক সে ভালোভাবে সেরে উঠবে বলে আশা করছি। এটা নির্ভর করে তার বিষয়গুলোকে সামলানোর উপর।”, যোগ করেন এনরিকে।