২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলতে পারবে নেইমার’

ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগেই নেইমার চোট থেকে সেরে উঠবেন বলে মনে করছেন তার বাবা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 04:31 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

টুর্নামেন্টের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামায় মেক্সিকোর দল ক্লাব আমেরিকা বা চীনের গোয়াংজো এভারগ্রান্দের মুখোমুখি হবে বার্সেলোনা। আর টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২০ ডিসেম্বর। 
 
বায়ার লেভারকুজেনের বিপক্ষে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগের দিন অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান নেইমার। লেভারকুজেনের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। 
 
স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লা লিগায় আগামী শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে এবং ক্লাব বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা আছে। 
 
ব্রাজিল অধিনায়কের বাবা বলেন, “এটা নেইমারকে কমপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে রাখবে। …আমার বিশ্বাস, ক্লাব বিশ্বকাপের ফাইনালে সে ভালো থাকবে। এটা ভালো সময়, কিন্তু যত দ্রুত সম্ভব সেরে উঠতে ওকে কাজ করতে হবে।”