ড্র করেও খুশি বার্সা কোচ
বায়ার লেভারকুজেনের সঙ্গে ড্র করে মাঠ ছাড়তে হলেও দলের পারফরম্যান্সে খুশি বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লেভারকুজেনের মাঠে গত বুধবার ১-১ গোলে ড্র করে বার্সেলোনা।
নকআউট পর্ব আর গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে লুইস সুয়ারেস ও সের্হিও বুসকেতসকে বেঞ্চে বসিয়ে রাখেন এনরিকে। ম্যাচের আগের দিন অনুশীলনের সময় কুঁচকিতে চোট পাওয়ায় খেলতে পারেননি নেইমারও। সব মিলিয়ে এই ম্যাচে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেন এনরিকে।
২০তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। হাভিয়ের এর্নান্দেসের গোলে তিন মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিক লেভারকুজেন।
ম্যাচ শেষে এনরিকে বলেন, “আমাদের পারফরম্যান্স ইতিবাচক ছিল বলে মনে হয়েছে আমার কাছে। যারা বেশি সময় খেলেছে, সেই খেলোয়াড়দের আমি বিশ্রাম দিতে চেয়েছিলাম।”
এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বলে আক্ষেপ নেই ইভান রাকিতিচের। বার্সেলোনা মিডফিল্ডার এনরিকের সুরেই কথা বলেন।
"আক্রমণাত্মক বায়ার লেভারকুজেনের বিপক্ষে এগিয়ে গিয়েছিলাম আমরা। আমারা যে পারফরম্যান্স করেছি তা ভবিষ্যতে সাহায্য করবে।"
