জিরুদের হ্যাটট্রিকে নকআউট পর্বে আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে উঠতে আর্সেনালের সামনে জয়ের বিকল্প ছিল না। অলিম্পিয়াকোসের বিপক্ষে শুধু জিতলেই আবার হতো না, সমীকরণটাও যথাযথ মিলতে হতো। অলিভিয়ে জিরুদের দারুণ এক হ্যাটট্রিকে সে সব হিসেব-নিকেশ চুকিয়ে শেষ ষোলোতে পা রেখেছে ইংল্যান্ডের দলটি।
বুধবার রাতে গ্রুপের শেষ রাউন্ডে গ্রিসের ক্লাবটিকে ৩-০ গোলে হারায় আর্সেনাল।
আর্সেনালের মাঠে প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল অলিম্পিয়াকোস। তাই ফিরতি লেগের এই ম্যাচে জয়ের পাশাপাশি মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার মতো স্কোরলাইন হওয়াটাও জরুরি ছিল এমিরেটসের দলটির। সে লক্ষ্যে শুরুটা ভালোই হয় তাদের।
২৯তম মিনিটে অলিভিয়ে জিরুদের নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র্যামজির ক্রসে হেডে গোলটি করেন এই ফরাসি স্ট্রাইকার।
প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে আর্সেনাল চাপ বাড়ালেও সাফল্য মেলেনি।
এই ব্যবধানে ম্যাচ শেষ করতে পারলেই সেরা ষোলোতে উঠতো আর্সেনাল। তবে ৬৭তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন জিরুদ।
অলিম্পিয়াকোসের ডি বক্সে তাদের নরওয়ের ডিফেন্ডার ওমর এলাবদেলাউইয়ের হাতে লাগলে পেনাল্টি পায় আর্সেনাল। তা থেকেই হ্যাটট্রিক পূরণ করেন দারুণ ফর্মে থাকা এই স্ট্রাইকার।
‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে দিনোমো জাগরেবকে ২-০ গোলে হারায় আগেই নকআউট পর্বে ওঠা বায়ার্ন মিউনিখ।
শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়া বায়ার্নের পয়েন্ট ১৫। দ্বিতীয় হওয়া আর্সেনালের পয়েন্ট ৯।
অলিম্পিয়াকোসের পয়েন্টও আর্সেনালের সমান ৯, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে পড়ায় ইউরোপা লিগে নেমে গেছে গ্রিক দলটি।
