২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সায় মেসিই সেরা’

চোটের কারণে লিওনেল মেসির বাইরে থাকার সময়ে তার অনুপস্থিতি বুঝতেই দেননি নেইমার-লুইস সুয়ারেস জুটি। তবে তাতে কাম্প নউয়ের আবহটা আছে আগের মতোই; সেরা খেলোয়াড়ের প্রশ্নে এখনও মেসি অপ্রতিদ্বন্দ্বী বলে বিশ্বাস উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:41 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

হাঁটুর চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। ওই সময়ে   ধারাবাহিক ভালো খেলে দলকে একের পর এক জয় এনে দেন নেইমার, সুয়ারেসরা। তাদের দাপুটে পারফরম্যান্সে বার্সেলোনা হয়ে ওঠে অদম্য, লা লিগার শীর্ষেও ওঠে দলটি।

এ মৌসুমে নেইমার ও সুয়ারেস মিলে এখন পর্যন্ত ৩৫ গোল করেছেন। ১৪ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা নেইমার চ্যাম্পিয়ন্স লিগে করেছেন দুটি। লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি গোল করা সুয়ারেসের চ্যাম্পিয়ন্স লিগের গোল ৫টি। উয়েফা সুপার কাপেও একটি গোল করেছিলেন সুয়ারেস।

অসাধারণ এই পারফরম্যান্সের পরও এত দিনের সেরা তারকা মেসিকেই শ্রেষ্টত্বের আসনে রাখছেন সুয়ারেস। এই বিষয়ে দলের কারো মনে কোনো প্রশ্ন নেই বলেও মনে করেন তিনি।

উরুগুয়ের একটি রেডিওকে সুয়ারেস বলেন, “(বার্সেলোনার) লকার রুমে কেউ কারো চেয়ে নিজেকে ভালো ভাবে না কারণ সবাই মেসিকেই সেরা মানে।”

ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারকে দলের দ্বিতীয় সেরা তারকা ঘোষণা করেন সুয়ারেস।

“আমরা মেসিকেই সেরা মানি আর নেইমার দুই নম্বর। তাদের সঙ্গে খেলাটা সত্যিই আমি উপভোগ করি।”