২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিতে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো

এ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যেতে পারেন বলে যে গুঞ্জন উঠেছে, তা হেসেই উড়িয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:37 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

রিয়াল মাদ্রিদের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত। তবে পর্তুগিজ এই তারকার অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলতেই থাকে। অনেকেই মনে করছেন, রিয়াল ছেড়ে পিএসজি বা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাতে পারেন তিনি। 
 
সান্তিয়াগো বের্নাবেউতে গত ৩ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়ালের ১-০ গোলের জয়ের পর পিএসজি কোচ লরাঁ ব্লাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় রোনালদোকে। 
 
৩০ বছর বয়সী পর্তুগালের এই ফরোয়ার্ড বিষয়টি নিয়ে বলেন, “পিএসজির বিষয়টি অনুমান ছাড়া কিছুই না। এটা প্রত্যেক বছরই ঘটে।”
 
বরাবরের মতোই রোনালদো জানান, রিয়ালে তিনি সুখেই আছেন। ব্লাঁর সঙ্গে কথা বলার কারণটাও জানান রোনালদো। 
 
“ব্লাঁর সঙ্গে যেটা হয়েছে তা খুবই সাধারণ। কেউ যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, আপনিও তার সঙ্গে বিনয়ী হবেন। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড বা বার্সেলোনার কেউ যদি আমার প্রতি বিনয়ী হয়; আমিও তাদের সঙ্গে কথা বলব। এর মানে এই নয় যে, আমি সেখানে যাব।”