২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভলফ্সবুর্গের কাছে হেরে বিদায় ম্যান ইউর

ভলফ্সবুর্গের মাঠে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 04:27 AM

Updated : 12 Oct 2022, 04:40 PM

অন্য ম্যাচে সিএসকেএ মস্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ভলফ্সবুর্গের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডসের পিএসভি।

অন্য ম্যাচের উপর নির্ভর না করে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উঠতে মঙ্গলবারের এই ম্যাচে জিততে হতো লুই ফন খালের দলকে। দশম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বস্তির সেই গোল এনে দেন অন্তনি মার্সিয়াল। হুয়ান মাতার বাড়ানো বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে দূরের পোস্ট দিয়ে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।

তিন মিনিট পরই সমতায় ফেরে ভলফ্সবুর্গ। ফ্রি-কিক থেকে ডান পায়ের ভলিতে গোল করেন নালদো নামে পরিচিত ব্রাজিলের সেন্টার ডিফেন্ডার আপারেসিদো রদ্রিগেস।

২৯তম মিনিটে পর্তুগিজ ফুটবলার ভিয়েইরিনিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে গোলটির মূল কৃতিত্ব জুলিয়ান ড্রাক্সলারের। তিন ডিফেন্ডারকে কাটিয়ে আন্দ্রে শুরলের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে নি:স্বার্থভাবে ভিয়েইরিনিয়াকে বাড়ান জার্মানির তরুন এই উইঙ্গার।

৩৯ মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ডাক্সলার। তবে গোলরক্ষক দাভিদ দে হেয়ার নৈপুণ্যে গোল খাওয়া থেকে বেঁচে যায় অতিথিরা।

বিরতির ঠিক আগে ইউনাইটেডের জেসি লিংগার্ড জালে বল ঢোকালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে দে হেয়া নিশ্চিত দুইটি গোল নসাৎ করে দেওয়ার পর ৮২তম মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফিরিয়ে নক আউট পর্বের আশা টিকিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষ রক্ষা হয়নি।

দুই মিনিট পরই নালদোর দ্বিতীয় গোলে নাটকীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্বে উঠে জার্মানির ক্লাব ভলফ্সবুর্গ।

অন্য ম্যাচে সিএসকেএ মস্কোকে ২-১ গোলে হারানো পিএসভি ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠে।

৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পাওয়া ম্যানচেস্টার ইউনাইডেট এখন খেলবে ইউরোপা লিগে।