২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজিত থাকার লক্ষ্যে লেভারকুজেনের মাঠে মেসিরা

নকআউট পর্বের সঙ্গে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা বার্সেলোনার লক্ষ্য এবার অপরাজিত থাকা। লেভারকুজেনের বিপক্ষে না হারলেই চ্যাম্পিয়ন্স লিগে তিন মৌসুমের মধ্যে এই প্রথম অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করবে লুইস এনরিকের দল। আর গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিতে এই ম্যাচ জিততেই হবে লেভারকুজেনকে।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 10:00 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পুরনো খবর:

চোটে পড়া নেইমারের জন্য মেসির শুভকামনা

নিজেদের লক্ষ্য পূরণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেভারকুজেনের মাঠে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় খেলতে নামবে বার্সেলোনা।

‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার আক্রমণ-ত্রয়ী রয়েছে অসাধারণ ফর্মে। এ মৌসুমে তাদের পরিসংখ্যানের দিকে তাকিয়ে এটা বলাই যায়, লেভারকুজেন বাধা পেরিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করতেই পারে তারা।

১২ ম্যাচে ১৪ গোল নিয়ে স্পেনের লা লিগায় এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা নেইমার। বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে করেছেন ২ গোল।

হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। লা লিগায় খেলেছেন আটটি ম্যাচ। এই আট ম্যাচে ৪ গোল পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। আর চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে করেন ২ গোল।

Image
বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে অনুশীলনে মগ্ন বার্সেলোনার খেলোয়াড়রা। ছবি: বার্সেলোনা

বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে অনুশীলনে মগ্ন বার্সেলোনার খেলোয়াড়রা। ছবি: বার্সেলোনা

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস মেসি-নেইমারের চেয়েও একটু এগিয়ে। লা লিগায় ১৩ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে করেছেন ৫ গোল।

এই তিন ফরোয়ার্ডের নৈপুণ্যে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা বার্সেলোনা লা লিগার সবশেষ ম্যাচে ভালেন্সিয়ার মাঠ থেকে ড্র করে ফিরলেও লেভারকুজেনকে হারিয়ে নিজেদের অপরাজিত থাকার লক্ষ্য পূরণ করতে পারবে বলে আত্মবিশ্বাসী।

কাম্প নউয়ে প্রথম পর্বে ২-১ গোলে হারলেও এ ম্যাচে জয়ের জন্য মরিয়া লেভারকুজেন। তবে বার্সেলোনাকে হারালেও শেষ ষোলোতে যেতে এএস রোমা-বাতে বরিসভের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

Image
বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে কোলনে পৌঁছেছেন নেইমাররা। ছবি: বার্সেলোনা  

বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে কোলনে পৌঁছেছেন নেইমাররা। ছবি: বার্সেলোনা  

৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫ পয়েন্ট করে নিয়ে রোমা আছে দ্বিতীয় স্থানে, আর লেভারকুজেন তৃতীয় স্থানে। লেভারকুজেনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে রোমা। লেভারকুজেনের মাঠ থেকে ৪-৪ গোলে ড্র নিয়ে ফেরা ইতালির দলটি নিজেদের মাঠে ৩-২ গোলে জিতেছিল।

বার্সেলোনাকে হারিয়ে নিজেদের হাতে থাকা কাজটুকু করে রাখতে চায় লেভারকুজেন। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে তাকালে স্পষ্ট হয়, সেটা মোটেই সহজ হবে না।

চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের সবশেষ ৬টি লড়াইয়ের সবকটিই জিতেছে বার্সেলোনা। বার্সেলোনার বিপক্ষে লেভারকুজেন সবশেষ জিতেছিল ঘরের মাঠে ২০০১ সালের সেপ্টেম্বরে।