দাবায় শেখ রাসেলের জয়যাত্রা থামাল নৌবাহিনী
টানা দুই জয় পাওয়া শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের জয়যাত্রা থেমেছে তৃতীয় রাউন্ডে। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি।
জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার তৃতীয় রাউন্ডের খেলায় নৌবাহিনী ও শেখ রাসেল ২-২ পয়েন্টে ড্র করে।
সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারিয়ে দাবা লিগ শুরু করা শেখ রাসেল দ্বিতীয় রাউন্ডে লিওনাইন চেস ক্লাবের বিপক্ষে জিতেছিল।
তৃতীয় রাউন্ডে নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান শেখ রাসেলের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে হারান। আর শেখ রাসেলের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার দিপতায়ন ঘোষ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের বিপক্ষে জেতেন।
নৌবাহিনীর দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব যথাক্রমে শেখ রাসেলের ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের সাথে ড্র করেন।
তৃতীয় রাউন্ড শেষে শেখ রাসেল মেমোরিয়াল ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।
তৃতীয় রাউন্ডের অন্য খেলায় গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারায়।
তিতাস ক্লাব দাবা দল ও বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দলের ম্যাচটি ২-২-এ ড্র হয়।
