জাতীয় বক্সিংয়ে সেরা রহিম-শামীমা
এসএ গেমসের আগে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন দুই বক্সার আব্দুর রহিম ও শামীমা আক্তার। জাতীয় বক্সিংয়ের সেরা হয়েছেন দুজনে।
মোহাম্মদ আলি বক্সিং স্টেডিয়ামে সোমবার শেষ দিনের খেলায় ৭৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন রহিম। মেয়েদের ৫১ কেজি ওজন শ্রেণিতে সেরার পদকটি নিজের করে নিয়েছেন প্রথমবারের মতো এ পর্যায়ে খেলতে আসা শামীমা। এসএ গেমসের বক্সিং থেকে পদক পাওয়ার আশাটা এ দুজনকে ঘিরেই সবচেয়ে বেশি।
আশা পূরণের পথটা রহিম-শামীমার জন্য খুব একটা সহজ নয়। দেশি কোচের অধীনে গত চার মাস ধরে চলছে বক্সারদের এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্প। প্রস্তুতির কমতির সঙ্গে বিদেশি ও অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করতে না পারার ঘাটতিটুকুও থেকে যাচ্ছে।
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) গত আসরের সোনা জেতা রহিম এবারও সেরা হতে চান। ভারত থেকে সোনা নিয়ে ফেরার লক্ষ্য থাকলেও প্রস্তুতি নিয়ে কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে তার।
“আশা করি এবারও পদক পাব। তবে প্রস্তুতির জন্য আরও সময় পেলে আমাদের জন্য ভালো হতো।”
গত এসএ গেমসের আগে থাইল্যান্ডের কোচের অধীনে অনুশীলন করেছিলেন রহিম। অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করার সুফলটা হাতেনাতেই দিয়েছিলেন। সামনের দুই মাস বিদেশি কোচ পেলে প্রস্তুতিটা আরও ভালো হত বলে জানান ২৮তম পুরুষ জাতীয় বক্সিংয়ের সেরা বক্সার।
বিদেশি ও অভিজ্ঞ কোচ না পাওয়ার কমতিটুকু আগেই বলেছিলেন তৃতীয় মহিলা জাতীয় বক্সিংয়ের সেরা শামীমা। এসএ গেমসের লক্ষ্য নিয়ে পুরনো কথা-ই বললেন ১৬ বছর বয়সী এই বক্সার, “নিজেকে অনেক উপরে দেখতে চাই। আশা করি, এসএ গেমসে আরও ভালো করতে পারব আমি।”
পুরুষ বিভাগে ছয়টি সোনা, দুটি রূপা ও চারটি ব্রোঞ্জসহ ১২টি পদক জিতে জাতীয় বক্সিংয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি করে সোনা ও রূপা এবং চারটি ব্রোঞ্জসহ ছয়টি পদক নিয়ে রানার্সআপ বাংলাদেশ আনসার।
মহিলা বিভাগে তিনটি সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। একটি সোনা ও দুটি রূপা জিতে রানার্সআপ বাংলাদেশ পুলিশ।
