‘নেইমারের সময় এসেছে’
গত মৌসুমের ছন্দ এ মৌসুমেও ধরে রেখেছেন নেইমার। ব্রাজিলের এই তারকার প্রশংসায় তাই পঞ্চমুখ হয়েছেন দুঙ্গা। ব্রাজিলের কোচের মনে হচ্ছে, বর্ষসেরার পুরস্কারের দৌড়ে তার শিষ্যের সময়টা এসে গেছে।
লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিনে আছেন নেইমার। প্রথমবারের মতো এ তালিকায় আসা ব্রাজিল ফরোয়ার্ডকেই ভোট দেওয়ার কথা জানান দুঙ্গা।
“ভোটটা আমি নেইমারকে দিয়েছি। এটা নেইমারের সময়, যদিও তারা (মেসি-রোনালদো-নেইমার) সবাই সমান সমান।”
এ মৌসুমে নিজের সেরাটা দিতে পারছেন না রোনালদো। রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ ফরোয়ার্ডের গত বছরের পারফম্যান্সকে চমৎকার ছিল বলে উল্লেখ করেন দুঙ্গা।
বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকেও প্রশংসা করেন দুঙ্গা। তবে মেসি-রোনালদোর চেয়ে স্বদেশি নেইমারকে একটু হলেও এগিয়ে রাখছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই সাবেক ফুটবলার।
“এটা নয় যে, রোনালদো ভালো খেলছে না; যেটা হচ্ছে, গত বছর সে যেমনটা খেলেছে, এবার তেমনটা নয়। মেসি ভালো করছে; চোটে পড়েছে। তবে নেইমার উড়ছে; দলের নেতৃত্বের ভূমিকাটা সে নিয়েছে। আমি মনে করি, এটা তার সময়।”
আগামী ১১ জানুয়ারি জুরিখে ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।
