২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি বা রোনালদোকে দরকার ম্যান ইউয়ের 

মৌসুমের শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে বারবার নিজেদের ব্যর্থ হওয়ার ঘটনায় হতাশ বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। এখান থেকে বেরিয়ে আসতে দলে লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোর মতো স্ট্রাইকার চান ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 07:05 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলে গত নয় ম্যাচের মধ্যে পঞ্চমবার গোল করতে ব্যর্থ হলো লুই ফন খালের দল।

ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মাত্র ৭টি গোল করেছেন।

জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টাইগারের মতে, প্রতি ম্যাচে ইউনাইটেড অনেক সুযোগ তৈরি করে কিন্তু গোলমুখের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারছে না তারা।

“আপনি যদি একটা সুযোগ নষ্ট করেন তাহলে আপনাকে অখুশি হতেই হবে। … রোনালদো, মেসি টমাস মুলারের মতো বড় স্ট্রাইকার গোল করতে চায়। তাদের যোগ্যতা আছে; তারা গোল করতেও চায়। আপনিও যদি গোল করতে চান তাহলে তাদের মতো মনোভাব থাকতে হবে।”

এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ২০টি গোল করেছে ইউনাইটেড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দলটির আক্রমণভাগ তেমন সাফল্য পায়নি, গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ৫টি গোল করেছে দলটি।