কাবাডি থেকে ভারতীয় কোচের বিদায়
পিঠের চোট নিয়ে মহিলা কাবাডি দলের কোচ হয়ে আসা বলবিন্দর কৌরকে দেশেই ফিরতে হচ্ছে। জরুরি সভা করে ভারতের এই কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
রোববার ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড সিলেকশন কমিটির এক জরুরি সভায় বলবিন্দরকে বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন, ‘ডাক্তারদের পরামর্শক্রমে এবং বিওএ এর নির্দেশনা পেয়ে আমরা জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, বলবিন্দর কৌরকে তার নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে।”
আগামী ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) সামনে রেখে ভারত থেকে বলবিন্দরকে দেড় মাস আগে কোচ করে আনে কাবাডি ফেডারেশন। পিটের চোট নিয়েই বাংলাদেশে এসেছিলেন ২২ বছর বয়সী এই কোচ।
বলবিন্দরের বিদায়ে আপাতত স্থানীয় কোচের অধীনে মহিলা কাবাডি দলের অনুশীলন চলবে বলে জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শিগগিরই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে নতুন কোচ আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
