প্রিমিয়ার দাবায় জয়ে শুরু শেখ রাসেলের
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে শুভ সূচনা পেয়েছে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। প্রথম রাউন্ডের খেলায় সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারিয়েছে প্রথমবারের মতো লিগে খেলতে আসা দলটি।
জাতীয় ক্রীড়া পরিষদে রোববার ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারায় শেখ রাসেল। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দীপ্তায়ন ঘোষ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে সুলতানা কামালের সুজন, মাসুদুর রহমান বারী, দেওয়ান মোঃ রিয়াদ ও শফিকুল ইসলামের বিপক্ষে জেতেন।
দিনের অপর খেলায় গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩-১ পয়েন্টে তিতাস ক্লাবকে হারিয়েছে। গোল্ডেনের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ভারতীয় খেলোয়াড় শ্রীজিৎ পাল যথাক্রমে তিতাসের ফিদে মাস্টার রেজাউল হক ও ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীনকে হারান।
বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩-১ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে হারায়। প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জ ২-২ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবের সঙ্গে ড্র করে।
তিন গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও জিয়াউর রহমান এবং জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে নিয়ে গড়া বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের এ রাউন্ডে খেলা ছিল না।
৯টি দল এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশ নিচ্ছে। তিন বার প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন এবং গতবারের রানার্সআপ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবারের আসরে অংশ নিচ্ছে না।
