২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ফেডারেশন কাপ টেবিল টেনিস

১৫ দল নিয়ে সোমবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ টেবিল টেনিস। এবারের আসরে আটটি পুরুষ ও সাতটি মহিলা দল শিরোপা লড়াইয়ে নামবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 07:36 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে রোববার টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির জানান, পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০৫ জন খেলোয়াড় অংশ নেবে এবার।

পুরুষ বিভাগে পাললিক গ্রুপ, অরুনিমা, বাগেরহাট জেলা, চট্টগ্রাম জেলা, এএনএইচ, স্ট্রাইড, নড়াইল জেলা ও বাংলাদেশ সেনাবাহিনী এবং মহিলা বিভাগে আবাহনী লিমিটেড, স্ট্রাইড, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা জেলা, পটুয়াখালী জেলা, বাগেরহাট ও স্ট্রাইড রেড খেলবে।

আগামী ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি ক্যাম্পে থাকা ১৪ জন খেলোয়াড়ও খেলবেন ফেডারেশন কাপে।

মৌমিতা আলম রুমি, মানষ চৌধুরীদের জন্য ফেডারেশন কাপ এসএ গেমসের আগে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ হবে বলেও জানান মনির।

“যারা এই আসরে ভালো করবে, ভারতে গিয়েও তাদের ভালো করার সম্ভাবনা বেশি থাকবে।”

পুরুষ ও মহিলা বিভাগের একক ও দলগত-এই চার ইভেন্টের খেলা হবে। মিশ্র দ্বৈত থাকছে না বলেও জানান টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

ফেডারেশন কাপের পৃষ্ঠপোষকতা করছে আড়ং ডেইরি।