‘জয় প্রাপ্য ছিল বার্সেলোনার’
ভালেন্সিয়ার বিপক্ষে ভালো খেলেও ড্র নিয়ে ফেরাটা মানতে পারছেন না লুইস এনরিকে। এ ম্যাচে তাদের জয় প্রাপ্য ছিল বলে মনে করেন বার্সেলোনা কোচ।
স্পেনের লা লিগায় গত শনিবার ভালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা।
স্পেনের লা লিগায় টানা ৬ ম্যাচ জয়ের পর ড্র করল বার্সেলোনা। ম্যাচ শেষে এনরিকের কণ্ঠে ছিল পুরো ৩ পয়েন্ট না পাওয়ার আক্ষেপ।
“আজ ফুটবল আমাদের প্রচেষ্টার বিনিময় দেয়নি। ভালেন্সিয়া রক্ষণে খুব ভালো করেছে।”
পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সেলোনাকে ৫৯তম মিনিটে এগিয়ে দেন লুইস সুয়ারেস। তবে ৮৬তম মিনিটে ভালেন্সিয়াকে সমতায় ফেরান স্পেনের ফরোয়ার্ড সান্তি মিনা।
এভাবে শেষ মুহূর্তে গোল খেলেও নিজের খেলোয়াড়দের দুষছেন না এনরিকে।
“দলের সমালোচনা করার কিছু নেই। আমরা ম্যাচটি নিজেদের করে নিয়েছি এবং বলতে গেলে পুরো ম্যাচে ভুগিইনি।”
