২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ড্র বার্সেলোনার জন্য লজ্জার’

ভালেন্সিয়ার সঙ্গে ড্র করে হতাশায় পুড়ছেন বার্সেলোনার খেলোয়াড়রা। কাতালুনিয়া ক্লাবটির তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা এটাকে ‘লজ্জার’ বলে উল্লেখ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 05:53 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

স্পেনের লা লিগায় ভালেন্সিয়ার মাঠ থেকে গত শনিবার ১-১ গোলে ড্র করে ফেরে বার্সেলোনা।

ম্যাচ শেষে ইনিয়েস্তা বলেন, “ড্রটা লজ্জার। তবে আমার মনে হচ্ছে যে, দল উন্নতি করে যাচ্ছে।”

লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে ভালেন্সিয়া খেলেছে অতি রক্ষণাত্মক ফুটবল। ম্যাচ শেষে এর সমালোচনা করেন বার্সেলোনার মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

বুসকেতসের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আরেক মিডফিল্ডার ইভান রাকিতিচ বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেভাবে খেলেছি। আমরা জিততে পারতাম। কিন্তু আমাদের আজকের মতো খেলে যেতে হবে। কারণ, আমরা সত্যিই খুব ভালো খেলেছি।”

যার গোলে বার্সেলোনা এগিয়ে গিয়েছিল, সেই লুইস সুয়ারেসের কণ্ঠেও আক্ষেপ ঝরে পড়েছে।

“ম্যাচটি তিক্ত স্বাদ রেখে গেছে। কারণ, এটা আমাদের ছিল, আমরা অনেকগুলো ভালো সুযোগ পেয়েছিলাম। আমরা দুটি পয়েন্ট হাতছাড়া করেছি।”