ভিয়েতনামে ২১তম সিদ্দিকুর
ভিয়েতনামে হো ট্রাম ওপেনের চতুর্থ রাউন্ডে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। ২১তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট চার শট কম খেলে আরও চার জনের সঙ্গে ২১তম হন সিদ্দিকুর।
রোববার চতুর্থ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেন বাংলাদেশের সেরা গলফার। এ দিন মোট পাঁচটি বার্ডি করলেও চারটি বোগিও করেন তিনি।
আসরের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে নবম স্থানে উঠেছিলেন তিনি। কিন্তু তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে পিছিয়ে পড়েন। তিন রাউন্ড শেষে সব মিলিয়ে যৌথভাবে ২৫তম ছিলেন তিনি।
১৫ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ১৪ শট কম খেলে প্লে-অফে চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের সের্হিও গার্সিয়া।
