জেনোয়াকে হারিয়ে শীর্ষে ইন্টার
জেনোয়াকে হারিয়ে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ইন্টার মিলান।
ফ্রি-কিক থেকে করা আদেম লিয়াইচের গোলে গত শনিবার নিজেদের মাঠে জেনোয়াকে ১-০ ব্যবধানে হারায় ইন্টার।
৫৯তম মিনিটে সার্বিয়ার মিডফিল্ডারের নেওয়া বাঁকানো ফ্রি-কিকটি বুঝতেই পারেননি জেনোয়ার গোলরক্ষক। এমনকি নিজের জায়গা থেকে নড়ারও সুযোগ পাননি তিনি।
এই জয়ের পর ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। রোববার বোলোনিয়ার বিপক্ষে জিতলে শীর্ষস্থান ফিরে পাবে তারা।
শনিবার আরেক ম্যাচে তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করে এএস রোমা।
মিরালেম পিয়ানিচের গোলে ৮৩তম মিনিটে এগিয়ে যায় রোমা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মাক্সি লোপেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
এই ড্রয়ের পর ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রোমা।
