উড়তে থাকা বায়ার্নকে মাটিতে নামাল মনশেনগ্লাডবাখ
একের পর এক জয়ে উড়তে থাকা বায়ার্ন মিউনিখকে মাটিতে নামিয়েছে বরুসিয়া মনশেনগ্লাডবাখ। জার্মানির সফলতম দলটিকে ৩-১ গোলে হারিয়েছে দলটি।
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার এবারের আসরে বায়ার্নের এটা প্রথম হার। আগের ১৪ ম্যাচের ১৩টিতেই জিতেছিল তারা, অন্য ম্যাচটি হয়েছিল ড্র।
মনশেনগ্লাডবাখের মাঠে প্রথমার্ধের অধিকাংশ সময়ই খেলা নিয়ন্ত্রণ করে বায়ার্ন। গোলের অনেকগুলো সুযোগও পেয়েছিল তারা, কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি।
দ্বিতীয়ার্ধে পুরো উল্টো চিত্র; দারুণভাবে ঘুরে দাঁড়ানো মনশেনগ্লাডবাখ ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
৫৪তম মিনিটে সুইডেনের ডিফেন্ডার অস্কার ভেন্তের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৬তম মিনিটে জার্মান মিডফিল্ডার লার্স স্টিন্ডল দ্বিতীয় ও ৬৮তম মিনিটে তারই স্বদেশি ডিফেন্ডার ফাবিয়ান জনসন তৃতীয় গোলটি করেন।
