স্টোকের মাঠে অঘটনের শিকার ম্যান সিটি
প্রিমিয়ার লিগে ফের অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ২-০ গোলে জয় তুলে নিয়েছে স্বাগতিক স্টোক সিটি।
দ্বাদশ রাউন্ডে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্রয়ের পর লিভারপুলের কাছে ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। তবে গত সপ্তাহে সাউথ্যাম্পটনকে হারিয়ে কক্ষপথে ফেরার আভাস দেওয়ার পাশাপাশি শীর্ষেও ওঠে তারা। কিন্তু ফের ছন্দপতন হলো মানুয়েল পেল্লেগ্রিনির দলের।
চোটের কারণে মাঠে ছিলেন না সের্হিও আগুয়েরো ও ইয়াইয়া তুরে। আক্রমণভাগ ও মাঝমাঠের এই দুই তারকাকে ছাড়া ভুগতে দেখা যায় ম্যানচেস্টার সিটিকে।
প্রতিপক্ষ স্টোক সিটিও শুরু থেকেই দারুণ খেলতে থাকে। সপ্তম মিনিটে এগিয়েও যায় তারা; ডান দিক থেকে জেরদান শাকিরির পাস পেয়ে খুব কাছ থেকে বল জালে জড়ান মার্কো আর্নাউতোভিচ।
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটি গোল খেয়ে বসে অতিথিরা। এবারের গোলদাতাও অস্ট্রিয়ার স্ট্রাইকার আর্নাউতোভিচ। পঞ্চদশ মিনিটের গোলটিতেও অবদান ছিল শাকিকির; সুইস এই মিডফিল্ডারের অসাধারণ এক রক্ষণচেরা পাস ধরেই গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন আর্নাউতোভিচ।
৪১তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল অতিথিরা। কিন্তু আলেকসান্দার কোলারভের দুরূহ কোণ থেকে নেওয়া শট পা দিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন স্টোকের গোলরক্ষক।
পুরো ম্যাচে দারুণ খেলতে থাকা আর্নাউতোভিচ ৫৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার আরেকটি সুযোগ হারান। খুব কাছ থেকে তার আলতো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৬৮তম মিনিটে আর্নাউতোভিচের দারুণ একটি ক্রস জালে পাঠাতে শুধু আলতো একটা টোকার দরকার ছিল, কিন্তু শাকিরি বলে পা লাগাতেই ব্যর্থ হন।
বাকি সময়েও ম্যানচেস্টার সিটির কেউ কোনো সুযোগ তৈরি করতে না পারায় দারুণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্টোক সিটি।
১৫ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৯। সমান ম্যাচে স্টোক সিটির পয়েন্ট ২২।
