মামুনুলদের নিয়ে ‘মধুর সমস্যায়’ মারুফুল
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২০ জনের দল চূড়ান্ত করা নিয়ে ‘মধুর সমস্যায়’ পড়েছেন মারুফুল ইসলাম। ‘মান’ কাছাকাছি হওয়ায় সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও সময় নিচ্ছেন বাংলাদেশ কোচ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গত ২৯ নভেম্বর থেকে সাফের জন্য প্রস্তুতি নিচ্ছেন মামুনুলরা। শনিবার কোচ মারুফুল দল চূড়ান্ত করা নিয়ে দোটানার কথা সাংবাদিকদের জানান।
“দল কমিয়ে আনা আমার জন্য খুব কঠিন। ক্যাম্পে যে ২৮ জন আছে, তারা সবাই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের মানও প্রায় সমান। কিন্তু তারপরও দল চূড়ান্ত করতে হবে।”
ক্যাম্প শুরুর আগে মামুনুলদের ফিটনেসের সঙ্গে মানসিক অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন কোচ। বিকেএসপির প্রস্তুতিতে সে দিকটির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ক্লাব পর্যায়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে ট্রেবল জেতা এই কোচ।
“ছেলেদের মনোযোগ ও শৃঙ্খলার দিকে গুরুত্ব দিচ্ছি। কার কী অবস্থান, এখনই পরিষ্কার হবে না। আরও দুই এক দিন লাগবে। ওরা তো খেলার মধ্যেই আছে। তেমন সমস্যা হবে না।”
