রিয়ালে মানানসই নন গুয়ার্দিওলা
রিয়াল মাদ্রিদের কোচ হতে চান না পেপ গুয়ার্দিওলা। বায়ার্ন মিউনিখের এই স্প্যানিশ কোচ মনে করেন, রিয়াল মাদ্রিদে খাপ খাবেন না তিনি।
গত কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে খবর বেরোচ্ছে, রিয়াল মাদ্রিদের ভবিষ্যত পরিকল্পনায় হয়ত আছেন গুয়ার্দিওলা।
জার্মানির বুন্দেসলিগায় শনিবার বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে তার রিয়ালের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা।
বার্সেলোনার সাবেক কোচ হেসে এর উত্তর দেন, “আমি সেখানে খাপ খাব না।”
কাতালুনিয়ায় জন্ম নেওয়া গুয়ার্দিওলার ফুটবলে হাতেখড়ি বার্সেলোনার যুব দলে। এর পর বার্সেলোনা ‘বি’ দল হয়ে মূল দলে জায়গা করে নেন তিনি।
স্পেনের সাবেক এই মিডফিল্ডারের কোচিং ক্যারিয়ারের শুরুও বার্সেলোনা ‘বি’ দলে। এর পর চার বছর বার্সেলোনার মূল দলের দায়িত্বে ছিলেন গুয়ার্দিওলা। তার অধীনেই ২০০৯ সালে প্রথমবারের মতো ট্রেবল জেতে বার্সেলোনা।
