২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির হয়ে ইব্রাহিমোভিচের রেকর্ড

ফরাসি লিগ ওয়ানে পিএসজির জয়ের দিনে দারুণ একটি রেকর্ড গড়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নিসের বিপক্ষে দলকে জেতাতে জোড়া গোল করা সুইডেনের এই তারকা ফরোয়ার্ড এখন লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 03:03 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

নিসের মাঠ থেকে গত শুক্রবার ৩-০ গোলের জয় নিয়ে ফেরে পিএসজি।  
 
লিগে ১৭ ম্যাচ ধরে অপরাজিত রইল লরাঁ ব্লাঁর দল।  
 
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৫তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানি। পেনাল্টি থেকে গোল করে ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। 
 
পিএসজির হয়ে এটি ছিল ইব্রাহিমোভিচের ৮৬তম গোল। এই গোলেই মুস্তাফা ধালেবের রেকর্ড ভেঙে লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হন তিনি। 
 
৬১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ইব্রাহিমোভিচ। 
 
এই জয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট হলো ১৭ ম্যাচে ৪৫।