২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময় কাটানোর লড়াইয়ে রিয়াল

লা লিগায় তিন নম্বরে নেমে যাওয়ার হতাশার মধ্যে খেলোয়াড়দের ছন্দপতন বাড়তি দুঃশ্চিন্তা যোগ করেছে সান্তিয়াগো বার্নাবেউতে। সবশেষ কোপা দেল রেতে কাদিসের বিপক্ষে ‘অযোগ্য’ খেলোয়াড়কে খেলানোয় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ। দুঃসময়ের মধ্যেই লিগে গেতাফের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রাফায়েল বেনিতেসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:17 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

ম্যাচটি ঘরের মাঠে হওয়ায় অবশ্য চেনা পরিবেশে সমর্থকদের সামনে খেলার সুবিধা পাবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় শনিবার রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

গেতাফের বিপক্ষে লড়াইটি রোনালদো-বেলদের জন্য সমর্থকদের মন জয় করার উপলক্ষও। গত ২১ নভেম্বর নিজেদের মাঠে খেলা সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল।

ওই ম্যাচে প্রিয় দলের কোচ আর কিছু খেলোয়াড়দের ‘দুয়ো’ দিয়েছিল রিয়াল সমর্থকেরা। এবার তাই জয়ের পাশাপাশি সমর্থকদের আস্থা অর্জনের মিশন রাফায়েল বেনিতেসের দলের।

বার্সেলোনার কাছে হারের আগের ম্যাচে সেভিয়ার কাছেও হেরেছিল রিয়াল। লিগে টানা এই দুই হারে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে দলটি।

সব প্রতিযোগিতা মিলে গত তিন ম্যাচ জিতলেও চেনা রূপে ফিরতে পারেনি রিয়াল। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোয়’ বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের রোষানলে পড়েন বেনিতেস।

সবকিছু থেকে বেরিয়ে আসতে রিয়ালের সামনে একটাই পথ খোলা; ভালো খেলে জয় তুলে নেওয়া।

এই লক্ষ্য অর্জনের পথে গেতাফে অবশ্য রিয়ালের জন্য খুব একটা বড় বাধা হওয়ার কথা নয়। লা লিগায় এ মৌসুমে ১৩ ম্যাচ খেলে চারটি জয় পাওয়া দলটি ১৪ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে।

সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়েও একতরফা এগিয়ে রিয়াল। সবকটিতেই জিতেছে তারা, বের্নাবেউয়ে গেতাফের বিপক্ষে শেষ ম্যাচটিতে ৭-৩ গোলে জিতেছিল স্পেনের সফলতম দলটি।

প্রতিপক্ষের চেয়ে রিয়ালের দুঃশ্চিন্তা অবশ্য নিজেদের নিয়েই। সব সমালোচনা, সব বাধা দূর ঠেলতে তাই রোনালদো-বেল-রদ্রিগেসদের ছন্দে ফেরাটাই এখন মূল লক্ষ্য।