২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত মেসি-নেইমারদের সামনে এবার ভালেন্সিয়া

গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা এবারও ছুটছে অদম্য গতিতে। ‘এমএসএন’ নামে পরিচিত লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া আক্রমণভাগ এবার জ্বলে উঠার অপেক্ষায় আছে ভালেন্সিয়ার মাঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 10:55 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে লা লিগার ম্যাচটি।  

গত এক মাস একই চিত্র দেখেছে ফুটবল বিশ্ব; মাঠে নামলেই প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিচ্ছে বার্সেলোনা। এ সময়ে সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। এ ম্যাচগুলোয় মোট ২৮টি গোল করেছে দলটি, খেয়েছে মাত্র দুটি।

চোখ ধাঁধানো এই পারফরম্যান্সের মূল কৃতিত্ব অবশ্যই আক্রমণভাগের তিন তারকা মেসি, নেইমার ও সুয়ারেসের। গত মৌসুমে দলকে ট্রেবল জেতানোর পথে ১২২ গোল করা এই ত্রয়ী এ মৌসুমেও প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য আতঙ্কের অপর নাম। লা লিগায় তারা সবচেয়ে বেশি দুরন্ত; লিগে এখন পর্যন্ত বার্সেলোনার ৩৩ গোলের ৩০টিই করেন তারা।

মাঝে হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। কিন্তু তাতেও আটকায়নি দলটির ছুটে চলা, নেইমার-সুয়ারেসের দাপুটে পারফরম্যান্সে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সেলোনা। আর গত ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত করে কাতালুনিয়ার দলটি।

এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ ১৪ গোল করেছেন নেইমার, দ্বিতীয় সর্বোচ্চ ১২টি সুয়ারেসের।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মেসি। গোল না পেলেও ছন্দে ফেরার আভাস দেন সেই ম্যাচেই। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ৬-১ ব্যবধানের জয়ে জোড়া গোলও করেন আর্জেন্টিনার অধিনায়ক। তার পর লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও একটি গোল পান তিনি।

সব মিলে বার্সেলোনাকে থামানো যেন অসম্ভব। দলের অসাধারণ এই ফর্ম ডিফেন্ডার জেরার্দ পিকেকে দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে।

“আশা করি, গত এক মাস ধরে আমরা যেভাবে ভালো খেলে যাচ্ছি, মৌসুমের শেষ পর্যন্ত তা ধরে রাখব।”

প্রতিক্ষের মাঠে ম্যাচও তাই একটুও ভাবাচ্ছে না বার্সেলোনাকে। তবে পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা দলটির বিপক্ষে সতর্ক না থাকলে পস্তাতে হতে পারে স্পেনের সফলতম দলটিকে।

লুইস এনরিকে সেটা জানেন। বরাবরের মতো এবারও তাই কোনারকম অঘটন এড়াতে সতর্ক বার্সেলোনার কোচ। তবে পিকের মতো তিনিও জয়ের ধারা ধরে রাখতে আশাবাদী।

“গত কয়েক সপ্তাহে যেরকম ভালো খেলে আসছি, সেই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আমরা আশাবাদী। কিন্তু এটা কঠিন ম্যাচ হবে।”

ভালেন্সিয়ার মাঠে লিগে সবশেষ আট বারের লড়াইয়ে কখনও না হারলেও চারবার পয়েন্ট হারাতে হয়েছে বার্সেলোনাকে। তবে গত কয়েক ম্যাচের মতো শনিবারও যদি জ্বলে ওঠেন মেসি, নেইমার, সুয়ারেস; তাহলে আর বিধ্বংসী বার্সেলোনাকে জয়বঞ্চিত করা সম্ভব হবে না।