'ফিফা-ব্যালন ডি'অর মেসিরই প্রাপ্য'
এবারের ফিফা-ব্যালন ডি'অর পুরস্কার জয়ে লিওনেল মেসির কোনো প্রতিদ্বন্দ্বী দেখছেন না চাভি এর্নান্দেস।
বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারের মতে, বছর জুড়ে প্রতি ম্যাচে মেসি যা করেছেন, তাতে এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা তারই প্রাপ্য।
"আমি মনে করি, লিও (মেসি) এবার পরিষ্কার ফেভারিট। আর বার্সেলোনায় সে যা অর্জন করেছে তাতে এটা তারই প্রাপ্য। আমার কাছে তার তুলনীয় কেউ নেই।"
গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ে সবচেয়ে বড় অবদান ছিল মেসির। এ মৌসুমেও দুর্দান্ত খেলছেন তিনি। চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকলেও চলতি বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৮ ম্যাচ খেলে ৪৪ গোল করেছেন টানা চার বার বর্ষসেরার পুরস্কার জেতা এই তারকা। সঙ্গে এ বছর সতীর্থদের দিয়ে ২১টি গোল করিয়েছেন তিনি।
দ্বিতীয়বারের মতো বার্সেলোনার ট্রেবল জয়ের পথচলায় চাভিও ছিলেন মেসির সঙ্গী। পরে গত মৌসুম শেষে কাতারের ক্লাব আল সাদে যোগ দেন ৩৫ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার।
মেসির অসাধারণ এই পারফরম্যান্সের প্রসঙ্গে চাভি বলেন, "খেলার প্রতিটি ক্ষেত্রেই মেসির পূর্ণ নিয়ন্ত্রন আছে। সবকিছুতেই সে সেরা এবং প্রতি ম্যাচেই সে এটা দেখায়।"
