এনরিকের কাছে 'এমএসএন' সর্বকালের সেরা আক্রমণভাগ
লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে পড়া বার্সেলোনার আক্রমণভাগের প্রশংসা পুরো ফুটবল বিশ্ব জুড়েই চলছে। স্পেনের ক্লাবটির কোচ লুইস এনরিকে মনে করেন, 'এমএসএন' নামে পরিচিত এই ত্রয়ী ফুটবল ইতিহাসেরই সেরা আক্রমণভাগ।
গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতানোর পথে ১২২ গোল করে এই ত্রয়ী। চলতি মৌসুমেও দারুণ খেলে চলেছেন মেসি, সুয়ারেস আর নেইমার। এ মৌসুমে লিগে বার্সেলোনার করা ৩৩ গোলের ৩০টিই আসে এই ত্রয়ীর থেকে।
হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। চোট কাটিয়ে ফেরা মেসির ছন্দে কোনো পতন হয়নি। লা লিগায় গত ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। দলের ৪-০ গোলের জয়ে বদলি হিসেবে নেমেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। গোল না পেলেও ছন্দে ফেরার আভাস দেন সেই ম্যাচেই।
পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন মেসি, ৬-১ ব্যবধানের জয়ে জোড়া গোলও করেন। এর পর লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও ৪-০ ব্যবধানের জয়ে একটি গোল করেন তিনি।
স্পেনের লা লিগায় আগামী শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে দলে আছেন মেসি-সুয়ারেস-নেইমার।
আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকেকে প্রশ্ন করা হয়, মেসি-সুয়ারেস-নেইমার ত্রয়ীকে তিনি সর্বকালের সেরা আক্রমণভাগ মনে করেন কিনা। উত্তরে এনরিকে বলেন, "বার্সেলোনার জন্য আমি এটাই মনে করি। এমনকি আমি ফুটবল ইতিহাসেও তাই বলতে পারি। কারণ, এই মানের খেলোয়াড়দের এক সঙ্গে পাওয়া, অনেক গোল পাওয়া এবং একে অন্যকে এভাবে সমর্থন দেওয়া; সাম্প্রতিক ইতিহাসে অন্য কোনো দলে এটা ঘটেনি।"
"ফুটবল ইতিহাসের সবটা আমি জানি না। কিন্তু বলতে পারি, হ্যা (তারাই সর্বকালের সেরা)।"
