শাটলারদের স্বপ্ন এখন এসএ গেমস ঘিরে
বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরুর আগে এলিনা-পরশরা যে কোনো ইভেন্টের সেমি-ফাইনালে ওঠার আশার কথা শুনিয়েছিলেন। মিশ্র দ্বৈতর কোয়ার্টার-ফাইনাল থেকে পরশ-দুলালি জুটির বিদায়ে এবারের মতো সেই আশা হতাশায় রূপ নিয়েছে। এখন এসএ গেমস নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলাদেশের শাটলাররা।
শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে সিঙ্গাপুরের ইয়ং কাই তেরি হে-ওয়ে হান তান জুটির কাছে ২১-১৬, ২১-১২ ব্যবধানে হারে আহসান হাবীব পরশ-দুলালি হালদার জুটি।
পুরুষ এককের জাতীয় চ্যাম্পিয়ন পরশ বাংলাদেশ ওপেনের প্রথম রাউন্ড পেরুতে পারেননি। মেয়েদের এককের জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা প্রথম রাউন্ড পেরুলেও দ্বিতীয় রাউন্ডে থেমে যান রাশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে।
ঘরের কোর্টে বাংলাদেশ ওপেনে নিজেদের এই ফলে স্বাভাবিকভাবেই হতাশ এলিনা। তবে জানালেন, এ আসরের খেলার অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ান গেমসে কাজে লাগবে তাদের।
“বিদেশিদের বিপক্ষে খেলতে গেলে আমরা মানসিকভাবে পিছিয়ে থাকি। আমি এককে রাশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে হেরেছি; আমার মনে হয়েছে, নিয়মিত খেলার সুযোগ পেলে এই প্রতিপক্ষকে হারাতে পারতাম।”
“এই আসরে খেলার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। কোচ এ আসর থেকে আমাদের ভুল এবং দুর্বলতাগুলো খুঁজে পেয়েছেন। এগুলো শুধরে নিতে হবে”, যোগ করেন তিনি।
বাংলাদেশ ওপেনে খেলার সুবাদে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়ার সঙ্গে নিজেদের ব্যবধানটা ভালোভাবেই টের পেয়েছেন এনামুল হক।
এসএ গেমসের ক্যাম্পে থাকা এই শাটলার বলেন, “এই টুর্নামেন্টে যারা খেলতে এসেছে, আমরা তাদের চেয়ে অনেক পিছিয়ে। যদি আমরা তাদের হারাতে চাই, সেটা অসম্ভব। তবে এই টুর্নামেন্টে খেলার ফলে আমাদের এসএ গেমসের প্রস্তুতিটা নেওয়া হয়েছে।”
“এসএ গেমসে যারা খেলবে, তাদের মধ্যে ভারতীয়রা আমাদের চেয়ে এগিয়ে; তবে তাদের সঙ্গেও আমাদের ব্যবধান উনিশ-কুড়ি”, যোগ করেন ঘরোয়া ব্যাডমিন্টনের সাবেক এই চ্যাম্পিয়ন।
আগামী ফেব্রুয়ারির দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি ক্যাম্পে থাকা ও জুনিয়র মিলিয়ে বাংলাদেশের ২৩ জন শাটলার এই আসরে অংশ নেয়।
