‘রোনালদো সেরা তিনে থাকার যোগ্য নয়’
বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোর থাকাটা মোটেও যৌক্তিক নয় বলে মনে করেন বার্সেলোনার দানি আলভেস।
ব্রাজিলের এই ডিফেন্ডারের মতে, বর্ষসেরার পুরস্কারের জন্য কখনই এক জন খেলোয়াড়ের শুধু ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচ্য হতে পারে না। খেলায় তার ভূমিকাটাই মাপকাঠি হওয়া উচিত।
“ক্রিস্তিয়ানো সেরা তিনে থাকার যোগ্য নয়। গত বছর সে মেধার ভিত্তিতে (পুরস্কারটা) জিতেছিল, কারণ সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আমার মতে, বিশ্বের সেরা খেলোয়াড়ের খেলায় বড় ভূমিকা থাকা উচিত, শুধু গোল করা নয়। গত বছরে (২০১৫) সে এটাই করেছে।”
২০০৮ সালে প্রথমবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর গত দুই বছরেও এটা জেতেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।
ফিফার ২০৭টি সদস্য দেশের জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফিফা ও ফ্রান্স ফুটবল সামায়িকীর বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে ফিফা ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচন করা হয়।
ভোটের প্রসঙ্গে আলভেস আরও বলেন, “মানুষ ভুলে গেছে যে, এটা একটা দলগত খেলা।”
