রিয়ালের বহিষ্কার চান বার্সেলোনার আলভেস
কাদিসের বিপক্ষে নিষেধাজ্ঞার আওতায় থাকা এক খেলোয়াড়কে ভুল করে খেলানো হয়েছে বলে রিয়াল মাদ্রিদ দাবি করলেও বার্সেলোনার দানি আলভেস তা মানতে নারাজ। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের মতে, এ অপরাধে টুর্নামেন্ট থেকে রিয়ালকে বাদ দেওয়া উচিত।
স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিসের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় দেনিস চেরিশেভকে প্রথম একাদশে নামান রাফায়েল বেনিতেস। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় এই টুর্নামেন্টে তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। এর পর এ ম্যাচেই তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।
বিষয়টি পরে জানতে পেরে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রাশিয়ার এই উইঙ্গারকে মাঠ থেকে তুলে নেন বেনিতেস। বুধবার রাতে সেরা বত্রিশের প্রথম লেগের ম্যাচটি ৩-১ গোলে জেতে রিয়াল। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটিও করেছিলেন চেরিশেভ।
রিয়ালের এই ব্যাখ্যা কিছুতেই মানতে পারছেন না বার্সেলোনার ডিফেন্ডার আলভেস।
“তাদের মধ্যে যোগাযোগের ঘাটতিতে আমি হতবাক। রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে এ রকম বিষয় ঘটা উচিত নয়। পুরনো উদাহরণ দেখলে এবং নিয়মগুলো ঠিকমতো মানলে (প্রতিযোগিতা থেকে) তাদের বাদ দেওয়া উচিত।”
নিষেধাজ্ঞায় থাকা চেরিশেভকে খেলানোর বিষয়ে কাদিস কর্তৃপক্ষ এরই মধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে।
