এবার ব্রাজিলের ফুটবল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ফিফায় দুর্নীতি নিয়ে তদন্ত করা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আরও ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বর্তমান সভাপতির সঙ্গে এই তালিকায় আছেন তাদের এক সাবেক সভাপতিও।
জুরিখের একটি বিলাসবহুল হোটেল থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে ফিফার দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস ১৬ জনকে অভিযুক্ত করার কথা জানায়।
সিবিএফের সাবেক প্রধান রিকার্দো তেইসেইরাকে ২০ কোটি ডলারেরও বেশি ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
সিবিএফের বর্তমান সভাপতি মার্কো পেলো দেল নেরোর বিরুদ্ধে অভিযোগ, ধারাবাহিকভাবে পদের অপব্যবহার করে অর্থ কামানোর সঙ্গে তিনি জোচ্চুরি, আর্থিক প্রতারণা ও অর্থ পাচারের চক্রান্ত করেন।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অনুরোধে ফিফার দুই সহ-সভাপতি হন্ডুরাসের আলফ্রেদো হাউইত আর প্যারাগুয়ের হুয়ান আনহেল নাপৌতকে গ্রেপ্তার করে সুইজারল্যান্ডের পুলিশ। হাউইত উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল ফেডারেশনের (কনকাকাফ) ভারপ্রাপ্ত সভাপতি। আর নাপৌত দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনের(কনমেবল) সহ-সভাপতি।
এ দুজনকে গ্রেপ্তার করার পর সুইস কর্তৃপক্ষ জানিয়েছিল, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সঙ্গে লাতিন আমেরিকায় ফুটবল টুর্নামেন্টগুলোর বিপণন স্বত্ব বিক্রির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধেই সুইস পুলিশ গত মে মাসে ফিফার সাত শীর্ষ কর্মকর্তাকে আটক করে। সেই সময় সুইস কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই কর্মকর্তারা লাখ লাখ ডলার ঘুষ হিসেবে নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
ফিফা থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের তদন্তে সবদিক থেকে সহযোগিতা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের তদন্তের পাশাপাশি এ বছরের গোড়ার দিকে সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে।
৭৯ বছর বয়সী ফিফা সভাপতি জেপ ব্লাটার ও সহ-সভাপতি ৬০ বছর বয়সী মিশেল প্লাতিনি ৯০ দিনের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিক্স কমিটি ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করছে। এরই মধ্যে সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে।
গত মে মাসে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার।
