‘মেসি, নেইমার বিশ্বের সেরা দুই খেলোয়াড়’
লিওনেল মেসি আর নেইমার ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন বলে দারুণ খুশি লুইস সুয়ারেস। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের কাছে তার দুই ক্লাব সতীর্থ বিশ্বের সেরা দুজন খেলোয়াড়।
মেসি ও নেইমারের সঙ্গে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
সুয়ারেস বলেন, “আমি গর্বিত যে, সংক্ষিপ্ত তালিকার দুজন আমার সতীর্থ। এটা তাদের প্রাপ্য। কারণ তারা বিশ্বের এক ও দুই নম্বর।”
চোটের কারণে লিওনেল মেসি মাঠের বাইরে থাকার সময় বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন নেইমার ও সুয়ারেস। অনেকেই ধারণা করেছিলেন, এবারের ফিফা-ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে ফেভারিট মেসির সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারেন সুয়ারেস আর নেইমার।
নেইমার থাকলেও শেষ পর্যন্ত নেই সুয়ারেস। এ নিয়ে অবশ্য আক্ষেপও নেই উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারের।
“আমি ভেবেছিলাম যে, আমি সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারি। কিন্তু বছরটিতে যা পেয়েছি এবং দলকে যেভাবে সাহায্য করেছি তাতেই সন্তুষ্ট আমি।”
‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার আক্রমণ-ত্রয়ীর সম্পর্ক নিয়ে সুয়ারেস বলেন, “আমাদের কেউই ভাবে না, একজনের চেয়ে আরেকজন ভালো। আমরা আমাদের সতীর্থ হিসেবে দেখি, তারকা হিসেবে নয়। নেইমার ও আমি মনে করি, মেসি বিশ্বসেরা এবং এটা সবাই জানে।”
আগামী ১১ জানুয়ারি জুরিখে এবারের ফিফা-ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে।
