ছিটকে গেলেন দুলালি, এলিনাও
দারুণ শুরু করলেও বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি দুলালি হালদার ও এলিনা সুলতানা। মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের এই দুই শাটলার।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের আইরিস ওয়্যাংয়ের কাছে ২১-৬, ২১-৬ পয়েন্টে হারেন দুলালি।
অন্য ম্যাচে রাশিয়ার সেনিয়া পোলিকারপোভার কাছে জাতীয় চ্যাম্পিয়ন এলিনা হারেন ২১-১০, ২১-১০ পয়েন্টে। নেপালের অমিতা গিরির বিপক্ষে ২১-১৪, ২১-৪ পয়েন্টের দাপুটে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন এলিনা।
পুরুষ এককে আহসান হাবীব পরশরা হতাশ করার পর দুলালি ও এলিনার বিদায়ে টুর্নামেন্টের দুই বিভাগের এককেই সেমি-ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের শাটলারদের।
মিশ্র দ্বৈতে শুভসূচনা করা চান্দ লাল-রেহানা পারভীন জুটির পথচলা শেষ হয়েছে থাইল্যান্ডের আম্পুনসুয়ান-চোচুওং জুটির কাছে ২১-১১, ২১-৬ গেমে হেরে।
আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি ক্যাম্পে থাকা ও জুনিয়র মিলিয়ে বাংলাদেশের ২৩ জন শাটলার এ আসরে খেলছে।
