সিলভার জন্য দুঙ্গার দরজা খোলা
চিয়াগো সিলভার জাতীয় দলে ফেরার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। ব্রাজিল কোচ দুঙ্গা জানিয়েছেন, তার সহকারীরা পিএসজির এই ডিফেন্ডারের ফর্মের উপর নজর রাখছে।
২০১৪ সালের বিশ্বকাপ শেষে দুঙ্গা ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর নেইমারের কাছে অধিনায়কত্ব হারান সিলভা। দুঙ্গার অধীনে দলে খুব কমই সুযোগ পান এসি মিলানের সাবেক তারকা। দুঙ্গার ঘোষণা করা সবশেষ তিনটি ব্রাজিল দলে জায়গা হয়নি তার।
ফক্স স্পোর্টসকে সম্প্রতি দুঙ্গা বলেন, “চিয়াগোর ওপর নজর রাখছি আমরা। তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে একটি স্কোয়াড গড়েছি আমরা।”
ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা সিলভা এর আগে নেতৃত্ব হারানো নিয়ে নিজের হতাশার কথা জানান।
এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে সিলভাকে সংযত হওয়ার পরামর্শ দিয়ে দুঙ্গা বলেন, “অধিনায়ক করা কোচের সিদ্ধান্ত। ফুটবলে আমি কিছুই বাদ দিতে পারি না। কিন্তু খেলোয়াড়দের পুরুষ আর পেশাদার হিসেবে দেখতে হবে আমাদের, শিশু হিসেবে নয়। আপনি বাজে বকতে পারেন না।”
